উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের কার্যালয় থেকে সম্পদ-সংক্রান্ত প্রায় সাড়ে তিনশ দলিল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টানা চার দিন অভিযান চালিয়ে রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের ১৬ তলায় অবস্থিত তার কার্যালয় থেকে এসব নথি উদ্ধার করা হয়।
দুদকের উপ-পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত নথির মধ্যে সাড়ে তিনশ দলিলের পাশাপাশি ছয়শ-এর বেশি চেকবই, সাতটি ইলেকট্রনিক ডিভাইস এবং স্থায়ী আমানতের (এফডিআর) নথিপত্র রয়েছে। অভিযান শেষে কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে প্রিমিয়ার গ্রুপের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
উল্লেখ্য, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের বিরুদ্ধে ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া আদালত ইতোমধ্যেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।