উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বর্তমানে এর কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ভিসা বাতিলের কারণ স্পষ্ট করতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে তথ্য সংগ্রহ করছে। একইসঙ্গে বাতিল হওয়া ভিসাধারীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ভিসা সংক্রান্ত কড়াকড়ি ও স্থবিরতার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট নিরসনে কাজ করা হচ্ছে।
সভায় প্রবাসীদের বিমানভাড়া কমানো, প্রবাসী কার্ড চালু এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিরা। মন্ত্রী জানান, প্রবাসী বিনিয়োগকারীদের বিশেষ কোটা ও কর ছাড়ের সুবিধা দেওয়া হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নেতিবাচক প্রচার বা এআই-এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। হুন্ডি প্রতিরোধে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ওপর জোর দিয়ে তিনি জানান, খুব শিগগির সর্বজনীন ও স্বচ্ছ প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।