উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকায় এসেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করা।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদলে ভারত বায়োটেক, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। সফরকালে তারা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
প্রতিনিধিদলটি এফবিসিসিআই আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় অংশ নেবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এই আয়োজনে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।