উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
‘সবার আগে বাংলাদেশ, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’— এই প্রতিপাদ্য ও প্রত্যয়কে সামনে রেখে মানিকগঞ্জ জেলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’।
রবিবার সকাল থেকেই জেলার ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিংগাইর ও সাটুরিয়াসহ সবকটি উপজেলায় একযোগে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি উপজেলায় বের করা হয় বর্ণাঢ্য রালি, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের নদীমাতৃক রূপ ও মৎস্য সম্পদের প্রাচুর্যের কথা তুলে ধরে বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গাসহ অসংখ্য নদ-নদী, হাওর-বাওর, বিল ও পুকুর বিস্তৃত এই ভূখণ্ড প্রকৃতিগতভাবেই মৎস্য সম্পদের লীলাভূমি। এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের ফলেই বিশ্বদরবারে বাংলাদেশ ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে স্বকীয় পরিচিতি বজায় রাখতে পেরেছে।”
বক্তারা আরও জোর দিয়ে বলেন, রূপালী মৎস্যের মাধ্যমে দেশকে পুরোপুরি স্বনির্ভর করতে হলে প্রাকৃতিক জলাশয় রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে।
কর্মসূচিতে স্থানীয় মৎস্যচাষী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের উৎসাহিত করতে দিকনির্দেশনামূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।