উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান ও মানবপাচার দমনে জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানিয়েছে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সীমান্তকেন্দ্রিক অপরাধের কারণে টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষের জীবন চরম অনিরাপদ হয়ে পড়েছে। নারী, শিশু, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কেউই অপরাধীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। মুক্তিপণ না পেয়ে অনেককে প্রাণ হারাতে হচ্ছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্ছিন্ন অভিযান সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সংগঠনটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের দাবি জানিয়েছে। তারা টেকনাফ-উখিয়াকে বিশেষ অপরাধপ্রবণ অঞ্চল ঘোষণা করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের আহ্বান জানিয়েছে।
এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো, স্থায়ী নিরাপত্তাচৌকি স্থাপন এবং অপরাধীদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদানের সময় সমিতির সভাপতি মুখতার আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।