উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে ও হকারদের সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করতে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে সভায় ডিএমপি ও বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন নীতিমালা অনুযায়ী, মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। কেবল প্রশস্ত ফুটপাত রয়েছে এমন স্থানে পথচারীদের চলাচলের জন্য ন্যূনতম ১ দশমিক ৫ মিটার জায়গা খালি রেখে নিবন্ধিত হকারদের বসার অনুমতি দেওয়া হবে। নিবন্ধিত হকারদের কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে এবং নারী ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত স্থানের ৩০ শতাংশ সংরক্ষিত থাকবে।
হকারদের জন্য হলিডে ও নৈশকালীন মার্কেটের ব্যবস্থা রাখা হয়েছে। হলিডে মার্কেট শুক্র, শনি ও সরকারি ছুটির দিনে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং নৈশকালীন মার্কেট বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে কোনো মাঠ, উপাসনালয় বা কবরস্থানের পাশে মার্কেট বসানো যাবে না।
নিবন্ধনের জন্য আবেদনকারীকে ১৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। হকারদের এককালীন নিবন্ধন ফি ৫ হাজার টাকা, বাৎসরিক নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা এবং মাসিক স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দেশিত সীমানা লঙ্ঘন করলে বা লাইসেন্স না থাকলে উচ্ছেদসহ নিবন্ধন বাতিল করা হবে।