উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ১৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন নীতিমালা ঘোষণা করা হয়। গত অর্থবছরের ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় এবার ঋণের পরিমাণ ৫৩ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন নীতিমালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জামানত ছাড়াই সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া নারী ও প্রান্তিক কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে ব্যক্তিগত ও সামাজিক গ্যারান্টির মতো বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। কৃষি ঋণের নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা শিথিলসহ চুক্তিভিত্তিক কৃষির অনুমোদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের জন্য বীমা সুবিধা চালুর বিষয়টিও এবার নতুন নীতিমালায় যুক্ত করা হয়েছে। একইসঙ্গে মাশরুম চাষ, মধু উৎপাদন ও জৈব সার তৈরির মতো সম্ভাবনাময় খাতে অর্থায়নের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ফসল কাটার সময় ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমার মধ্যে সামঞ্জস্য বিধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
কৃষি ঋণের তদারকি জোরদার করতে ওয়েবভিত্তিক এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে। প্রকৃত কৃষক শনাক্তকরণে কৃষি কার্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নথিপত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই পদক্ষেপ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।