উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিসা প্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সোমবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, কিছু অসাধু ব্যক্তি আবেদনকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদের পাসপোর্টে নকল ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাম্প বসিয়ে দিচ্ছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট বা গোপন পথ নেই। যারা নিশ্চিত ভিসা বা দ্রুত অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
ভিসা আবেদনে কোনো ধরনের জাল বা বিকৃত নথিপত্র জমা না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভুয়া তথ্য বা স্ট্যাম্প ব্যবহার করলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।
কোনো দালাল বা এজেন্টকে টাকা না দিয়ে নির্ধারিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। এছাড়া প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্যও আহ্বান জানানো হয়েছে।