উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশকে আরও সক্রিয়, পেশাদার ও প্রযুক্তিনির্ভর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত ও মাদকবিরোধী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতা ও সরবরাহকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে ওসিদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ডিআইজি। তিনি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে থানায় সেবা নিতে আসা নারী, শিশু ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ ও দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও সাইবার অপরাধ রুখতে বিশেষ অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। বিট পুলিশিংয়ের মাধ্যমে থানাকে জনগণের আস্থার প্রতীকে রূপান্তর করতে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।