উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক। তিনি অভিযোগ করেন, সরকার জনস্বার্থের চেয়ে দলীয়তন্ত্রকে বেশি প্রাধান্য দিচ্ছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি না হয়ে বরং বেকারত্ব বেড়েছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতেও দুর্নীতির অভিযোগ তুলেছে দলটি।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে, যা মোটেও কাম্য নয়। তবে সরকারের রাজনৈতিক সহনশীলতা বজায় থাকাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। জনদুর্ভোগ অব্যাহত থাকলে সাধারণ নাগরিকরাই ধৈর্য হারিয়ে রাস্তায় নামবেন বলে সতর্ক করেন বক্তারা।