উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হৃদরোগ ও বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই, ডেকোরেটেড কেক, চিপস ও চানাচুরের মতো খাদ্যপণ্যের জন্য এই নতুন মানদণ্ড কার্যকর করা হয়েছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক পরামর্শ সভায় এই তথ্য জানানো হয়। সভায় উল্লেখ করা হয় যে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে সরকার ‘খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড (টিএফএ) নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১’ প্রণয়ন করেছে এবং এর অংশ হিসেবে বিএসটিআই বনস্পতি ও নন-ডেইরি ভেজিটেবল ঘির মান সংশোধন করেছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্পখাতের বাস্তব সমস্যা ও প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।