উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের গোপন করার কিছু নেই এবং তারা জনগণের হয়েই কাজ করছেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান জানান, যুদ্ধের কারণে আমদানি প্রক্রিয়া ব্যাহত হওয়ায় দেশ এক সংকটের মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জনগণের যে কষ্ট হচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন। তবে আন্তরিকতার সঙ্গে এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি আশ্বস্ত করেন।
বিদেশে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ সম্পর্কে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশে চলমান জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, বিগত ১৫ বছরে বাপেক্সকে অকার্যকর করে ফেলায় এই সংকট তৈরি হয়েছে। বর্তমানে মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির আলোচনা চলছে। পরিস্থিতি সামলাতে সরকার প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে।
সরকারি সংস্থায় দলীয় নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সারাবিশ্বেই প্রচলিত, তবে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা থাকা জরুরি। এছাড়া গত ছয় মাসে বিরোধী দলগুলোর গঠনমূলক সমালোচনাকেও সরকার সহযোগিতার অংশ হিসেবে দেখছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন, ড. মাহদী আমিন, হুমায়ূন কবির, জাহিদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।