উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, হয়رানি ও কার্যক্রম বাধাগ্রস্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমএফআই রাইটস ফোরাম। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী পরিচালক স্বৈরাচার শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ফ্যাসিবাদের দোসর হিসেবে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাঁরা অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানান।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনাকে কেন্দ্র করে সমগ্র অনুমোদিত খাতকে প্রশ্নবিদ্ধ করা দেশের অর্থনীতি ও লাখো সাধারণ ঋণগ্রহীতার স্বার্থের পরিপন্থী।
ফোরামের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানানো হয় যেন বৈধ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হয়। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।