উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়ে আশা প্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সুসংহত হবে।