উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিবৃষ্টির কারণে রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় চার ঘণ্টা ধরে ষোলশহর রেলস্টেশনে আটকে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন। সোমবার ১৭ আগস্ট সকাল থেকে এই পরিস্থিতি তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন জানান, বটতলা স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা ট্রেন দুটি ষোলশহরের আটকে আছে। রেললাইনের ওপর প্রায় ৮ ইঞ্চি পানি রয়েছে এবং পানি না কমা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে শাটল ট্রেন বন্ধ থাকায় এবং বিকল্প বাস চালুর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বেড়ে গেছে। চলমান ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকায় চরম বিপাকে পড়েছেন ক্যাম্পাসের দিকে যাত্রা করা শিক্ষার্থীরা।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান বলেন, শাটল বন্ধ থাকলে স্বয়ংক্রিয়ভাবে ক্লাস-পরীক্ষাও বন্ধ রাখা উচিত। বিকল্প লোকাল পরিবহনে সবার পক্ষে ক্যাম্পাসে পৌঁছানো অসম্ভব হওয়ায় শিক্ষার্থীদের একটি অংশ বঞ্চিত হচ্ছে।