উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশগামী এক তরুণের তাড়া ছিল দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স সনদ হাতে পাওয়ার। সেই সুযোগটি নেয় একটি প্রতারক চক্র এবং আড়াই লাখ টাকা চুক্তিতে তার হাতে ভুয়া সনদ ধরিয়ে দেয়। ট্রাভেল এজেন্সির সন্দেহের জেরে এই জালিয়াতি ধরা পড়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও বাঁশখালী উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন মো. আশরাফ আলী খান, মো. নিশান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও মো. আবদুর রহমান। পুলিশ জানায়, বিদেশগামী ওই তরুণের কাছ থেকে চুক্তি অনুযায়ী আগাম ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্র। এরপর সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর, জাল সিল এবং সরকারি পোর্টালের আদলে একটি নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে ভুয়া সনদ দেওয়া হয়।
ভুক্তভোগী তরুণ সনদটি আসল মনে করে ট্রাভেল এজেন্সিতে জমা দিলে তাদের যাচাই প্রক্রিয়ায় জালিয়াতি ধরা পড়ে। পরবর্তী সময়ে তিনি বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানান এবং গোয়েন্দা শাখা ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে খুব অল্প সময়ে চক্রটিকে শনাক্ত করে। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি, যা বিদেশে একজন বাংলাদেশির ভাবমূর্তি বহন করে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বিদেশগামী নাগরিকদের কোনো দালালের খপ্পরে না পড়ে নির্ধারিত সরকারি ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করার আহ্বান জানিয়েছে পুলিশ।