উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার ১৭ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।
এই সময়ে এসব বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা এবং ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরা হয়। এছাড়া ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়।