উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর টানা বৃষ্টির পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে চলতি সপ্তাহের আবহাওয়া। বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপের সৃষ্টি হওয়ায় দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ১৭ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আটটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।