উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। গত রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সোমবার (১৭ আগস্ট) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়।
নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনকি আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজট তৈরি হয়েছে। এর সঙ্গে চলমান গ্যাস সংকটের কারণে গণপরিবহন কম থাকায় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জলাবদ্ধতার কারণে নগরীর পাশাপাশি বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ধরনের ভোগান্তি পোহাতে হলেও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।