উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমদানি লেনদেনে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও সহজ ও সুসংহত করতে গত এক বছরে জারি করা বিভিন্ন নির্দেশনা একীভূত করে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারি করা এ সার্কুলারের মাধ্যমে আমদানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধানকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হয়েছে। এর ফলে ব্যাংকার, আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পৃথক পৃথক সার্কুলার অনুসরণের প্রয়োজন অনেকটাই কমবে।
নতুন এই সার্কুলারের মাধ্যমে ২০২৫ সালের ১৪ আগস্ট জারি করা এফই সার্কুলার নং-৩৩ হালনাগাদ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনাগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কাঠামোয় আমদানি বাণিজ্য ও অনলাইন রিপোর্টিংয়ের পাশাপাশি ঋণপত্র খোলা, পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ প্রেরণ এবং বিল অব এন্ট্রি দাখিলের বিধান রাখা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সার্কুলার জারি করা হয়েছে যা বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এক বছর কার্যকর থাকবে।
ব্যবসায়ী মহল বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তাদের মতে ডিজিটাল নথি প্রক্রিয়াকরণ ও বিকল্প অর্থায়ন ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ। তবে এর সুফল পেতে ব্যাংক ও আমদানিকারকদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলে তারা মনে করেন। এই সার্কুলার কার্যকর হওয়ার সঙ্গে আগের নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হলেও আমদানি-সংক্রান্ত রিপোর্টিংয়ের নির্দেশনা বহাল থাকবে।