উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভালো কোনো পরিকল্পনা দেওয়া হলে তা সরকার গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কেবল জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হলে তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে বিভ্রান্ত করা কোনো রাজনীতিবিদের কাজ নয়, বরং জনগণকে ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া এবং সঠিক পথ দেখানোই তাঁদের মূল দায়িত্ব। দেশে বিশৃঙ্খলা ও মিথ্যাচারের রাজনীতির দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার সরকার এই ধরনের রাজনীতি করলেও বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিজ্ঞা করেছেন। রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতি জনগণ আর সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ঢাকা-১৭ আসনের প্রতিনিধিরা জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সমালোচনা না করে সমালোচকদের মাঠে নেমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিগত ১৭ বছরে নির্যাতনের শিকার নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে বারবার ভুল করা রাজনৈতিক দলগুলোকে উসকানি ও বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের উপকারের পরিকল্পনা সংসদে বা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
দেশের বিশ কোটি মানুষের দুই হাতকে কর্মী ও শ্রমিকের হাতে রূপান্তর করে মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।