উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে সাধারণভাবে মেরামত না করে এর মূল কাঠামো ও ঐতিহ্যগত বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ ও পুনর্গঠন করা হবে। রোববার ১৬ আগস্ট চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই কথা জানান। তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ভবনটির মূল কাঠামো ও নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখেই সংরক্ষণ ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায় এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতাটি সংগীত, কবিতা, নাটক ও নৃত্য—এই চারটি বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করতে হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় ড. সুকোমল বড়ুয়া, সংসদ সদস্য আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।