উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট সাতটি মামলাও দায়ের করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা ও তিনটি মামলা দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জে পরিচালিত অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা এবং চারটি মামলা দেওয়া হয়। মোবাইল কোর্টের পাশাপাশি এই সময়ে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানসহ মোট ১৩০টি খাদ্য স্থাপনা মনিটরিং করা হয়েছে।
গত ১৪ আগস্ট জয়পুরহাটে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং তিনি মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেন। জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ট্রান্সফ্যাট ও নিরাপদ খাদ্য বিষয়ে বিশেষ প্রচার চালানো হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এই লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। তিনি আরও জানান যে জনস্বার্থে আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং ও জনসচেতনতামূলক এসব কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপক আকারে অব্যাহত থাকবে।