উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে ৯ দফা দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে জেলা পর্যায়ে সমাবেশ এবং মহানগর ও রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। দাবি আদায় না হলে ঢাকা অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্মেলনে ৯টি দাবিসংবলিত ঘোষণাপত্র পড়ে শোনানো হয়। এসব দাবির মধ্য রয়েছে আইন করে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করতে হবে; মহান আল্লাহ, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এবং কোরআন-সুন্নাহ তথা ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করতে হবে; মাওলানা সা’দকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সা’দপন্থীদেরকে ইজতেমার অনুমতি দেওয়া যাবে না; হিজবুত তওহীদকে নিষিদ্ধ করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হেফাজতের আমিরের লিখিত বক্তব্য পড়ে শোনান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পাঠানো লিখিত বক্তব্য সম্মেলনে পড়ে শোনান মুহিউদ্দীন রাব্বানী। এতে বলা হয়, সম্মেলন থেকে সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলোর বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে সংসদে বিল আনতে সরকার ও বিরোধী দলের প্রতি দাবি জানান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সরকার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে আগামী নভেম্বরে সংসদ ঘেরাও কর্মসূচি দিতে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।