উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টীল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাস লিকেজে তিন শ্রমিক নিহতের ঘটনায় আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। রোববার ১৬ আগস্ট ফেরদৌস স্টীল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের স্বত্বাধিকারীসহ সংশ্লিষ্ট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নোটিশ পাঠানো হয়েছে। বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন জানিয়েছেন, ফেরদৌস শিপইয়ার্ড মৃত্যুর ঘটনায় বেলার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ইয়ার্ডটির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ, ছাড়পত্র ও লাইসেন্স বাতিল এবং আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে। আগামী ১৯ আগস্ট সকাল ১০টার মধ্যে এসব বিষয়ে নেওয়া পদক্ষেপ বেলাকে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
১৪ আগস্ট ফেরদৌস স্টীল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আরএএসআই নামের একটি জাহাজ কাটার সময় গ্যাস লিকেজে শ্রমিকদের মৃত্যু হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, অত্যন্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ইয়ার্ডে অন্তত পাঁচবার একই ধরনের দুর্ঘটনা ঘটার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।