উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে অনুমোদন ছাড়া ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে দুটি কোচিং সেন্টারকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে ভবিষ্যতে অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার না সাঁটানোর বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
রোববার ১৬ আগস্ট চসিকের অঞ্চল-৩-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার। অভিযানে এসপায়ারিং বাংলাদেশ ও মুন্না স্যার নামের দুটি কোচিং সেন্টারকে অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে এ দণ্ড দেওয়া হয়। পরে চসিকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান দুটির সাঁটানো সব অবৈধ ব্যানার ও পোস্টার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার বলেন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে এ অভিযান চলছে। অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করা সম্পূর্ণ বেআইনি। যারা আইন অমান্য করে সৌন্দর্যহানি ঘটাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা প্রদান করেন।