উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার লক্ষ্যে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার প্যারিসের সন্নিকটে ওবেয়ারভিলিয়ে এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরাকানী মামুন, উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসাইন ও স্থানীয় কাউন্সিলর কৌশিক রব্বানীসহ অনেকে। বক্তারা বলেন, বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ইনস্টিটিউটের শিক্ষা ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।