উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেন।
নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল এবং একটি বৈধ হওয়ায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বাছাইয়ে বৈধ হয়। তাঁরও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল এবং নিয়ম অনুযায়ী একটি বৈধ হওয়ায় অন্যটি বাতিল হয়ে যায়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোট হবে আগামী ২০ আগস্ট। ভোট গ্রহণের জন্য ওই দিন জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে এবং সংসদ ভবনের সংসদকক্ষে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।