উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। রোববার (১৬ আগস্ট) নগর ভবন অডিটরিয়ামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া যা করেছেন, তার জন্য সবার দোয়া করা উচিত। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করেছেন এবং কোনো অন্যায়ের কাছে কখনোই আপস করেননি।
তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকলে অর্জিত স্বাধীনতাও টিকে থাকবে না এবং আধিপত্যবাদ দেশকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে না। তিনি তার স্বামীর পথ ধরেই এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন এবং শেষ জীবনেও নিজের আরাম-আয়েশের কথা চিন্তা করেননি।
অনুষ্ঠানে দেশের একজন নাগরিক হিসেবে আল্লাহর কাছে তার বেহেশত নসিবের জন্য দোয়া চাওয়া হয়। উক্ত দোয়া মাহফিলে ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।