উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে অবস্থান করা মালাউই নারী ফুটবল দল এক নতুন ইতিহাস গড়েছে। উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠার পাশাপাশি তারা নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঘানাকে ২-১ গোলে হারিয়ে এই অনন্য কীর্তি গড়ে দলটি। এই ঐতিহাসিক জয়ের ফলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল আফ্রিকান ফুটবলের এই উদীয়মান শক্তি।
ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল মালাউই দল। তবে সময়মতো ঘুরে দাঁড়িয়ে তারা প্রথম গোলটি পরিশোধ করে এবং ম্যাচের শেষভাগে জয়সূচক গোলটি তুলে নেয়। চলতি আসরের শুরু থেকেই দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছিল মালাউই। গ্রুপ পর্বে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে তারা বড় চমক দেখায়। পরবর্তীতে মিসরকে ৩-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয়।
এবার তিনবারের রানার্সআপ ঘানাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে নিজেদের শক্তিশালী অবস্থানের প্রমাণ দিল দলটি। আন্তর্জাতিক ফুটবলে ২০০২ সালে যাত্রা শুরু করা মালাউই এবারই প্রথম মহাদেশীয় আসরের মূল পর্বে খেলতে এসেছে। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবার খেলতে এসেই বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে তারা গড়েছে এক রাজকীয় সূচনা। এর আগে কখনো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরেও খেলার সুযোগ পায়নি দলটি।তবে এবার তারা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল।