উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে নির্মিত নাটক নিয়ে আয়োজিত ঢাকা নাট্যোৎসবের আজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
উৎসবে অংশগ্রহণকারী নাটকগুলোর মধ্যে রয়েছে মতিউর রহমান রানা নির্দেশিত গ্রন্থিক নাট্যদল পরিবেশিত ‘গিরগিটি’, হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত শৌখিন নাট্যদল পরিবেশিত ‘অন্তরালে আয়না’ এবং সূচনা তিসা নির্দেশিত মৈত্রী থিয়েটার পরিবেশিত ‘রঙিলা ফানুস’। এছাড়া এস. কে. রতন নির্দেশিত নবনাট পরিবেশিত ‘ভেলকি’, খোরশেদুল আলম নির্দেশিত শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশিত ‘চম্পাবতী’, গোলাম সারোয়ার নির্দেশিত ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশিত ‘ঘরজামাই’ নাটক রয়েছে। পাশাপাশি শওকত হাসান নির্দেশিত স্বরবিথী থিয়েটার পরিবেশিত ‘শাস্তি’ এবং শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত মেঘদূত নাট্য সম্প্রদায় পরিবেশিত ‘শায়েস্তা খাঁর পরী’ নাটকও এই উৎসবে প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, সমাজের অবক্ষয় রোধ ও তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নাটক, গান, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকালে ‘একটি ফুলকে বাঁচাবো, যুদ্ধ করি’ গান দিয়ে যেমন পরিবেশকে উজ্জীবিত করা হয়েছিল, তেমনি একটি ভালো গান ও সংস্কৃতির মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব।
তিনি বলেন, ছোটবেলায় এলাকায় এলাকায় নাটক হতো এবং লাইব্রেরি ছিল যেখান থেকে ছেলে-মেয়েরা বই নিয়ে পড়ত। সাহিত্যচর্চার মধ্য দিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হতো বলে তিনি উল্লেখ করেন। ‘এই ঢাকা আমার’—এই অনুভূতি মন থেকে আসলে ঢাকা শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা সম্ভব হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।