উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলোওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে।
২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পায় এবং ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। প্রবাসে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে কাজে লাগাতে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে ওয়াশিংটন হোয়াইট হাউস ও জাতিসংঘের সামনে আন্দোলন বেগবান রেখেছিল।