উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুজবে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন শত শত মানুষ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, সেখানে বিয়ে করছেন নিকোল ও ফাবিও নামের অন্য এক জুটি। শনিবার স্থানীয় সময় বিকেলে রোনালদো-জর্জিনার বিয়ে দেখার আশায় ক্যামেরা ও মুঠোফোন হাতে ক্যাথেড্রালের সামনে জড়ো হন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে তাঁদের বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে এই ভিড় তৈরি হয়।
তবে কিছুক্ষণ পর কনে হিসেবে নিকোলকে ক্যাথেড্রালে প্রবেশ করতে দেখে সবার ভুল ভাঙে এবং ওই দিন নিকোল ও ফাবিওর বিয়ে অনুষ্ঠিত হয়। ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, রোনালদোর বিয়ের গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের সমাগম হয়েছিল। এত মানুষের ভিড়ে নিকোলের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল এবং এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি।
এই গুজবের সূত্র ছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর একটি প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছিল শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়। তবে রোনালদোর পরিবারের পক্ষ থেকে গুঞ্জনটি নাকচ করা হয় এবং তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন কেন মানুষ এটা ধরে নিচ্ছে।
রোনালদোও বিষয়টি নিয়ে মজা করেছেন এবং মাদেইরার একটি সংবাদমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, জর্জিনাও সেদিন বিয়ের কোনো আয়োজন নেই, এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ পোশাকে নিজের একটি ছবি প্রকাশ করেন। গত বছরের আগস্টে রোনালদো ও জর্জিনার বাগ্দান হলেও কবে তাঁদের বিয়ে হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজন।