উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফল আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ফল আমদানিতে নগদ মার্জিন নির্ধারণ করা যাবে। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে গত বছরের ৫ সেপ্টেম্বর কিছু বিলাসপণ্য ও দেশীয় বিকল্প পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন বাধ্যতামূলক করা হয়, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় এই বাধ্যবাধকতা শিথিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীর খাদ্যতালিকায় ফল একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান হিসেবে বিবেচিত হয়। তাই ফল আমদানি সহজীকরণ এবং সহনীয় মূল্যে এর সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, নতুন এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাগুলোর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে।