উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার কোনো অভাব নেই। তাই উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে নিশ্চিত করা হবে যেন টাকার অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে না থাকে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ফান্ড অব ফান্ডস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দক্ষতা, সুশাসন ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি পরিচালিত হবে। স্টার্টআপ বাংলাদেশ ইতোমধ্যে ৩৬টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপে প্রায় ১১১ কোটি টাকা বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি বেসরকারি খাতকেও স্টার্টআপে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুমুখীকরণে ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত ফান্ড অব ফান্ডসের মাধ্যমে স্টার্টআপদের শুধু অর্থায়নই নয়, মেন্টরশিপ, দক্ষতা, বাজার সংযোগ ও প্রযুক্তিগত সহায়তাও নিশ্চিত করতে হবে।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই।