উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ১৫ আগস্ট, শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা তুলে ধরেন।
মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার পেছনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, সততা ও দৃঢ় নেতৃত্ব ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও কারাবরণের মুখোমুখি হলেও তিনি তার অবস্থান থেকে সরে যাননি।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।