উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
দিনের কার্যক্রমে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়। লটারির ভিত্তিতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন কার্যালয়ে এসব প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই লটারি কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমসহ অধিদপ্তরের বেশ কয়েজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও উপসচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং গত ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।