উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৫৪ জনের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের দুজনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান আসামিদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখার আবেদন করেন। শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়নি এবং তাদের পক্ষে জামিনের কোনো আবেদনও ছিল না।
মামলার নথি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারা ১৫ আগস্ট উপলক্ষে সেখানে জড়ো হয়ে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
এ ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। অভিযানের সময় আসামিদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মুঠোফোন এবং ১৫ আগস্টের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের লেখাযুক্ত তিনটি ব্যানার জব্দ করা হয়।