উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক পদে পদায়িত হয়েছেন মোঃ সোহেল পারভেজ। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
পেশাগত দক্ষতা ও প্রশাসনিক প্রজ্ঞার স্বাক্ষর রেখে ২০২০ সালে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব হিসেবে যোগদান করেছিলেন সোহেল পারভেজ। পরবর্তীতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের অধিকার রক্ষা, শ্রম সংক্রান্ত জটিলতা দূরীকরণ, বৈধ অভিবাসন নিশ্চিত করা এবং বিপদে পড়া নাগরিকদের পাশে দাঁড়াতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সেবামূলক উদ্যোগ প্রবাসীদের মাঝে বিশেষ সমাদৃত হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের অগ্রগতি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী নেতৃবৃন্দ। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।