উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টানানো একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট সংলগ্ন বিশ্বজিৎ চত্বরের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বিশ্বজিৎ চত্বরের পদচারী–সেতুতে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগানসংবলিত একটি ব্যানার টানান শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক–ই–আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। খবর পেয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালের নেতৃত্বে নেতা–কর্মীরা গিয়ে ব্যানারটি নামিয়ে আগুন ধরিয়ে দেন।
ব্যানার টানানোর বিষয়ে ছাত্রলীগ নেতা মেসবাহ বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকের দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো ভুলে যাওয়ার বিষয় নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক গভীরতম ক্ষত হয়ে আছে। এই দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রত্যাশা করি।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন। নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা প্রচার–প্রচারণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেনে নেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে ব্যানার টানিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজম খান জানান, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের ব্যানার বা প্রচার–প্রচারণা ক্যাম্পাসে করার সুযোগ নেই এবং বিষয়টি তাঁদের নজরে এসেছে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় বা উত্তেজনা তৈরি করে—এমন কোনো কর্মকাণ্ড না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।