উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে এবং সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। শুক্রবার (১৪ আগস্ট) এফডিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে যুবসমাজকে কর্মক্ষম করে গড়ে তোলা হবে। ডিগ্রি নিয়ে যুবকরা যাতে বেকার হয়ে ঘরে বসে না থাকে, তার জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ডিবেটের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসনামলে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা হয়নি বরং সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। দক্ষ যুবশক্তি গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় হতাশাগ্রস্ত তরুণদের ৮০ শতাংশই নেশার দিকে ঝুঁকে পড়ছে। প্রতিযোগিতা শেষে ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয় এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।