উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চোখে দেখতে না পেলেও উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আকাশ দাসের পড়াশোনার প্রধান ভরসা প্রযুক্তি। তবে আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় একটি স্মার্টফোন কিনতে পারছিলেন না তিনি। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের কার্যালয়ে ডেকে আকাশের হাতে একটি নতুন স্মার্টফোন তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ক্লাসের লেকচার রেকর্ড করা, স্ক্রিন রিডারের মাধ্যমে পাঠ্যবই শোনা কিংবা গবেষণার তথ্য সংগ্রহে দৃষ্টিপ্রতিবন্ধী আকাশের জন্য স্মার্টফোন অত্যন্ত প্রয়োজনীয় এক উপকরণ। আর্থিক সংকটে ডিভাইসটি সংগ্রহ করতে না পেরে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। পরে আবেদনটি নজরে এলে তার পারিবারিক পরিস্থিতির খোঁজ নিয়ে তাকে ডেকে পাঠানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে আকাশের পড়াশোনা ও পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার কাছে জানতে চাওয়া হয়, ‘আজ কী পরীক্ষা ছিল? পরীক্ষা কেমন হয়েছে?’ এরপর তার হাতে ফোনটি তুলে দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে।’
স্মার্টফোনটি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজতত্ত্বে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখা আকাশ দাস। তিনি জানান, ডিভাইসটির স্ক্রিন রিডার ও ভয়েস কমান্ড ব্যবহার করে লেকচার রেকর্ড, অডিও শুনে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া তার জন্য এখন অনেক সহজ হবে।