উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়ার পাশাপাশি নারিকেল গাছের ডাল দিয়ে তাকে কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিক প্রধান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোরের মা জানান, তাঁর দুই ছেলে ঢাকায় কাজ করে এবং ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে কিশোরের মা বলেন, "মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।" তিনি এই নির্যাতনের কঠোর বিচার দাবি করেছেন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, বুধবার রাতে নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা শফিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বৃহস্পতিবার গ্রেপ্তার শফিককে আদালতে পাঠানো হবে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।