উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রিটেনে আশ্রয় আবেদন মঞ্জুর হওয়ার পর স্থায়ী বসবাসের অনুমতি পেতে সরকারের অনুকূলে ১০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে। অভিবাসীদের সরকারি আবাসন ও ভরণপোষণ বাবদ ব্যয় হওয়া অর্থের একটি অংশ ফেরত নিতে এমন বিধান চালু করতে যাচ্ছে দেশটির সরকার।
আসন্ন 'ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল'-এ এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগামী ২৯শে জুন মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপন করা হবে। নতুন নিয়মে অ্যাসাইলাম পাওয়ার পর কর্মক্ষেত্রে যোগ দিয়ে নির্দিষ্ট পরিমাণ আয় করলে কিস্তির মাধ্যমে সংশ্লিষ্ট অভিবাসীকে এই অর্থ শোধ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “আশ্রয়প্রার্থীদের সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এর সঙ্গে দায়িত্বও রয়েছে। যখন তারা উপার্জন করে সমাজে অবদান রাখার সক্ষমতা অর্জন করবেন, তখন ব্রিটিশ জনগণের উদারতার প্রতিদান হিসেবে তাদের এই অর্থ পরিশোধ করা উচিত।”
ঠিক কত আয় করলে এই অর্থ পরিশোধ বাধ্যতামূলক হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সরকার জানিয়েছে, একদিকে করদাতাদের স্বার্থ রক্ষা এবং অন্যদিকে কোনো অভিবাসী যেন চরম আর্থিক সংকটে না পড়েন, তা বিবেচনা করেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।