উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী মালু বেগম (৭৬)। তবে নিহত গৃহকর্মীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আলামত সংগ্রহসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ।
কীভাবে এবং কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং এতে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।