উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে ওই দিন বেলা দুইটায় এই বৈঠক আহ্বান করেছেন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয় এবং সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। বর্তমানে সংসদের অধিবেশন চলমান নেই। তাই রাষ্ট্রপতি নির্বাচন আইনের বিধান অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি ২০ আগস্ট এই বৈঠক ডেকেছেন, যেখানে তিনি নিজেই সভাপতিত্ব করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে এবার বিরোধী দল প্রার্থী দিচ্ছে এবং তারা ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শেষ পর্যন্ত এ পদে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে এবং আগামী ২৭ আগস্ট থেকে তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে।