উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর আজিমপুরে তাহিয়া তাসনিম ওরফে ফিমা (১৯) হত্যা মামলায় আসামি কাজী সাগরসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
মানববন্ধনে ফিমার বাবা মো. তাজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ে স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন। পরিস্থিতি একসময় স্বাভাবিক হবে ভেবে পরিবার অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে পুলিশ ও আদালতের কাছে জোর দাবি জানান।
নিহতের মা রিনা ইয়াসমিন অভিযোগ করেন, পর্যাপ্ত আলামত, সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের প্রতিবেদন থাকা সত্ত্বেও মামলা প্রভাবিত করার চেষ্টার কারণে অভিযোগপত্র দিতে পুলিশ গড়িমসি করেছে। মেয়েকে হারানোর পর ন্যায়বিচারের আশায় দীর্ঘদিন দ্বারে দ্বারে ঘুরছেন জানিয়ে তিনি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।