উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৃজনশীল অর্থনীতি সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় ২৭ সদস্যের ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্য-সচিব হিসেবে কাজ করবেন। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে সদস্য করা হয়েছে।
কমিটিতে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী; পরিকল্পনা প্রতিমন্ত্রী; বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা সদস্য হিসেবে রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ৯টি মন্ত্রণালয়ের সচিব, বিসিকের চেয়ারম্যান, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রতিনিধিরাও যুক্ত আছেন।
জাতীয় স্টিয়ারিং কমিটি ক্রিয়েটিভ অর্থনীতির বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন পর্যালোচনা করবে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং খাতভিত্তিক কার্যক্রমের দিকনির্দেশনা দেবে কমিটি। ত্রৈমাসিক ভিত্তিতে এর অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং অর্থ বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে।