উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় উদযাপিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক.-এর ‘গুণীজন সংবর্ধনা–২০২৬’। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, দন্তচিকিৎসক ও রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সম্মানে গত রোববার বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জায়েদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডনির অবার্ন হাসপাতালের মেডিকেল স্টাফ কাউন্সিলের চেয়ারম্যান ডা. আয়াজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুল বারী চৌধুরী, গৌরি চৌধুরী, ফারুক আহমদ, ড. খায়রুল চৌধুরী এবং ড. ফয়সল আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত দন্ত পরীক্ষা করানো জরুরি। তরুণ প্রজন্মকে মাদক ও ধূমপান থেকে দূরে রাখতে সামাজিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়ার পাশাপাশি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং রবীন্দ্রসংগীতচর্চা প্রসারের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি ডা. আয়াজ চৌধুরী ড. অরূপ রতন চৌধুরীর বহুমাত্রিক অবদানের প্রশংসা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি জায়েদুল হক চৌধুরী ১৯৪৭ সালের সিলেট গণভোটের ঐতিহাসিক চেতনা ধারণ করে প্রবাসী নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ঐতিহ্য তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।