উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ আগস্ট আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান। তবে সেদিন মূল নথি না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য-প্রমাণে আখতারুজ্জামানের ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলায় জড়িত পলাতক অন্য আসামিদের তথ্য সংগ্রহ ও গ্রেপ্তার, রাষ্ট্রবিরোধী পরিকল্পনা উদ্ঘাটন এবং আসামির হেফাজতে থাকা ককটেল বোমার উৎস জানতে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। ওই ঘটনায় পুলিশ মামলা দায়ের করার পর গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি।